শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উচ্চ মাধ্যমিক ও সমমানের (এইচএসসি) পরীক্ষায় শূন্য অথবা আশঙ্কাজনকভাবে কম পাসের হার থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন। রোববার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
ছবিসহ পোস্টে মন্ত্রী উল্লেখ করেন, পাসের হার শূন্য বা অত্যন্ত কম এমন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা খাতের মানোন্নয়ন এবং হতাশাজনক ফলাফল করা প্রতিষ্ঠানগুলোর তদারকি জোরদার করতে মন্ত্রণালয় এই কঠোর অবস্থান নিয়েছে বলে জানা গেছে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। গত বছর এই সংখ্যা ছিল ২০২টি, অর্থাৎ এক বছরে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৯১টি বেড়েছে। অন্যদিকে, শতভাগ শিক্ষার্থী পাস করেছে ১৩৯টি প্রতিষ্ঠান থেকে।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যার মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন উত্তীর্ণ হয়েছেন। এ হিসেবে পাসের হার ৫২.১২ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৪০ হাজার ৮৪ জন জিপিএ-৫ অর্জন করেছেন।























