সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় মুষলধারে বৃষ্টির মধ্যেও ওমরাহ পালন এবং ইবাদত অব্যাহত রেখেছেন মুসল্লিরা। পবিত্র মসজিদুল হারামে বৃষ্টি চলাকালীন মুসল্লিদের ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেওয়ার দৃশ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববির বিষয়াবলি দেখভালের দায়িত্বে থাকা সাধারণ কর্তৃপক্ষের সরবরাহ করা ছবিতেও বৃষ্টি উপেক্ষা করে মুসল্লিদের ইবাদতে ব্যস্ত থাকার দৃশ্য দেখা গেছে।
এর আগে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র মক্কাসহ দেশটির বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দিয়ে রেড অ্যালার্ট জারি করেছিল। আকস্মিক বন্যা ও প্রবল বাতাসের ঝুঁকি থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছিল। পবিত্র এই স্থানে বৃষ্টির কারণে এক ভিন্ন পরিবেশের সৃষ্টি হলেও ইবাদত থামাননি আল্লাহর মেহমানেরা। তবে বৃষ্টির ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।


























