নেত্রকোনার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পৃথক দুটি চোরাচালানবিরোধী অভিযানে ২৬০ কেজি বাংলাদেশি রসুন এবং ৭ হাজার ৫৬০ কেজি ভারতীয় কয়লা জব্দ করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, জব্দকৃত এসব চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে দুর্গাপুর উপজেলার বিজয়পুর বিওপির টহল দল সীমান্ত সংলগ্ন জংখল নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৬০ কেজি বাংলাদেশি রসুন উদ্ধার করে। অন্যদিকে, শনিবার ভোরে ভবানীপুর বিওপির অপর একটি টহল দল সোমেশ্বরী নদী থেকে ৭ হাজার ৫৬০ কেজি ভারতীয় কয়লা আটক করতে সক্ষম হয়। জব্দ করা রসুন ও কয়লা নিয়মানুযায়ী নেত্রকোনা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং সীমান্তে বিজিবির এই নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


























