দেশের আর্থিক খাতকে সব ধরনের রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাবমুক্ত রাখার পাশাপাশি ব্যাংকের সংখ্যা কমিয়ে সুশাসন প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান কমিটির সদস্য ও বিরোধীদলীয় সংসদ সদস্য সাইফুল আলম।
সাইফুল আলম জানান, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে জামায়াতের পক্ষ থেকে ব্যাংক পরিচালনায় কোনো একক পরিবার বা গোষ্ঠীর আধিপত্য বন্ধের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার তাগিদ দেওয়া হয়। ঋণ অনুমোদনে স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যাংক পরিচালনা পর্ষদের ঋণ অনুমোদনের ক্ষমতা বাতিলের প্রস্তাবও দিয়েছে দলটি।
জামায়াতে ইসলামীর উত্থাপিত এসব সংস্কার প্রস্তাবকে ইতিবাচক ও সময়োপযোগী হিসেবে অভিহিত করেছেন কমিটির সভাপতি ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আর্থিক খাতের সংস্কার প্রক্রিয়ায় এসব প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে বৈঠকে আলোচনা হয়েছে।


























