ভারতে ইথানল উৎপাদন ক্ষমতা দ্রুত বৃদ্ধি পেলেও সেই অনুপাতে অভ্যন্তরীণ চাহিদা তৈরি না হওয়ায় বড় ধরনের বিপাকে পড়েছেন উৎপাদকরা। দেশটির বাজারে বর্তমানে প্রায় ৭ বিলিয়ন লিটার ইথানল উদ্বৃত্ত রয়েছে, যার নির্দিষ্ট কোনো ক্রেতা না থাকায় বিকল্প বাজারের সন্ধান করছেন সংশ্লিষ্টরা।
শিল্পসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, দেশটিতে বার্ষিক ইথানল উৎপাদন সক্ষমতা প্রায় ২০ বিলিয়ন লিটারে পৌঁছেছে এবং চলতি বছরে আরও ৪ বিলিয়ন লিটার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ই-২০ জ্বালানি মিশ্রণ কর্মসূচি ও অন্যান্য শিল্প খাতের চাহিদা মেটানোর পরও বিপুল পরিমাণ ইথানল অবিকল থেকে যাচ্ছে। চাহিদার তুলনায় অতিরিক্ত সক্ষমতার কারণে কারখানাগুলো বর্তমানে তাদের ক্ষমতার মাত্র ৬০ শতাংশ ব্যবহার করতে পারছে।
এই উদ্বৃত্ত পরিস্থিতি সামাল দিতে উৎপাদকরা নানা উপায় খুঁজলেও, সাধারণ ভোক্তাদের উদ্বেগের কথা বিবেচনা করে সরকার আপাতত পেট্রোলে ইথানলের মিশ্রণ বাড়ানোর পরিকল্পনা স্থগিত রেখেছে। আন্তর্জাতিক বাজারেও প্রথম প্রজন্মের ইথানল রপ্তানির ওপর কড়াকড়ি থাকায় বিকল্প বাজারে প্রবেশের সুযোগ বেশ সীমিত।

























