দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে এ রোগের উপসর্গে ৯৮০ শিশু আক্রান্ত হয়েছে এবং ৮৪ জনের হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের রোগী শনাক্ত হয়েছে ১,০৬৪ জন শিশু। সরকারি হিসেবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৭ জন। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০১ শিশুর এবং বাকি ৯৮৬ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। এখন পর্যন্ত মোট ২ লাখ ৭ হাজার ৯১২ শিশু হামে আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে শনিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জন। এর মধ্যে নিশ্চিত হামের রোগী ২১ হাজার ৯৯ জন।
এই সময়ে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ১৫৫ শিশু। অন্যদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৫৮ হাজার ৫৭৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ শিশুর মধ্যে ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে একজন করে রয়েছে। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৯৪ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। আর নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ৫১ জন।


























