রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী পাকিস্তানি পণ্য ও ব্যবসায়িক প্রদর্শনীর চতুর্থ আসর। পাকিস্তান অ্যাসোসিয়েশন অব এক্সিবিশন ইন্ডাস্ট্রিজ (পিএইআই) আয়োজিত এই প্রদর্শনী ও বিজনেস ইনভেস্টমেন্ট কনফারেন্সের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আরিফ হুসাইন। এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ পিএইআইয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই প্রদর্শনীতে টেক্সটাইল, খাদ্যপণ্য, ইলেকট্রনিক্স, রান্নাঘরের সামগ্রী, জুতা, গৃহস্থালি পণ্য, জুয়েলারি, হস্তশিল্প এবং পর্যটন খাতের বিভিন্ন পাকিস্তানি পণ্য ও সেবা প্রদর্শন করা হচ্ছে। আয়োজকদের মতে, এতে পাঁচ হাজারের বেশি দর্শনার্থী ও ব্যবসায়ী প্রতিনিধি অংশ নিয়েছেন।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন যে, এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবসায়ীদের মধ্যে নতুন বাণিজ্যিক সুযোগ সৃষ্টি হবে এবং দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।


























