সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন ভারতীয় মালামাল এবং বাংলাদেশ থেকে পাচারের সময় বিপুল পরিমাণ চোরাচালানের পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। বৃহস্পতিবার (১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে দায়িত্বপূর্ণ একাধিক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ ২২ হাজার টাকা মূল্যের এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়নের আওতাধীন বিছনাকান্দি, পান্থুমাই, তামাবিল, উৎমা, প্রতাপপুর, বাংলাবাজার ও সংগ্রাম বিওপির বিজিবি সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালান। এসব অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা কম্বল, জিরা, ফল, কসমেটিকস, চকলেট, বিস্কুট, সুপারি, সনপাপড়ি, কিসমিস ও জুস উদ্ধার করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় লেডিস সোয়েটার ও মৃগেল মাছ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ২১ হাজার ৯৮৫ টাকা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক নম্বর লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণসহ সব ধরনের চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। জব্দ করা মালামালের বিষয়ে প্রচলিত বিধি অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


























