ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের একটি ভ্যানে আগুন দেওয়ার পাশাপাশি বেশ কিছু যানবাহন ভাঙচুর করে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সোমবারের সংঘর্ষে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, মহানগর ও জেলা পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
সোমবার সকালে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। একই সময়ে শফিপুর, চন্দ্রা, ভোগড়া বাইপাস ও কোনাবাড়ী এলাকায় শ্রমিকরা বিক্ষোভে নামেন। পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুপুর নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়।























