ইতালির রাজধানী রোমের লাউরেন্টিনা (Laurentina) এলাকায় আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির সবচেয়ে বড় ও বর্ণিল ‘বাংলা ফেস্টিভ্যাল’।
রোববার (২৮ ডিসেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের প্রস্তুতি ও বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন আয়োজকরা। আয়োজক হোসাইন আহমেদ মোয়াজ জানান, এবারের ফেস্টিভ্যালে প্রবাসী বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে গান, নাচ, ফ্যাশন শোসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। বিশেষ আকর্ষণ হিসেবে আয়োজন করা হয়েছে ‘দেশি ট্যালেন্ট শো ইতালি’।
উৎসব প্রাঙ্গণে থাকছে বাঙালি খাবার ও ঐতিহ্যবাহী পিঠার স্টল, ক্ষুদ্র ব্যবসায়ীদের পণ্যের প্রদর্শনী, শিশুদের জন্য আলাদা ফান জোন এবং দর্শনার্থীদের জন্য ফ্রি মেডিকেল হেলথ চেকআপ সুবিধা।
আয়োজকদের আশা, এই বাংলা ফেস্টিভ্যাল প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা বাড়াবে এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করবে।
















