বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রাজশাহী কার্যালয় দালাল চক্র ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে। ড্রাইভিং লাইসেন্স প্রদান, নবায়ন, ক্লাস উন্নয়ন, স্মার্টকার্ড বায়োমেট্রিক, গাড়ি ফিটনেস প্রসেসিং এবং নম্বর প্লেট অনুমোদনকে কেন্দ্র করে সেখানে গড়ে উঠেছে একটি শক্তিশালী সিন্ডিকেট।
অনুসন্ধানে দেখা গেছে, বিআরটিএর কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তা কর্মী (আনসার) এবং বহিরাগত দালালদের ত্রিমুখী যোগসাজশে এই কার্যালয়টি সাধারণ সেবাগ্রহীতাদের জন্য চরম হয়রানির স্থানে পরিণত হয়েছে। নিয়ম অনুযায়ী পরীক্ষা দিয়ে বা গাড়ি চালিয়ে সঠিক উত্তর দিলেও দালালদের মাধ্যমে অগ্রিম ঘুষের টাকা না দিলে লাইসেন্স প্রত্যাশীদের ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে দেওয়ার ব্যাপক অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, যোগাযোগ না করলে কোনো কাজই সহজে সম্পন্ন হয় না। বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ দিয়ে দালালের শরণাপন্ন হতে হয় তাদের। দিনের পর দিন এই ধরনের অনিয়ম চললেও কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।























