রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও মাঠ পুনরুদ্ধারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। আজকের এই কর্মসূচির অংশ হিসেবে সড়ক অবরোধ করায় ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। তারা বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট দিয়ে বের হয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠ প্রদক্ষিণ করে চীন মৈত্রী সিগন্যাল এলাকায় অবস্থান নেন। সেখানে প্রায় ২০ মিনিট ধরে সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
পরে মিছিলটি বিজয় সরণি ও মিরপুর মহাসড়ক প্রদক্ষিণ করে গণপূর্ত কমপ্লেক্সের সামনে উপস্থিত হয় এবং সেখানে বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরে। এ সময় শিক্ষার্থীরা মাঠ রক্ষার পক্ষে নানা স্লোগান দেন। মিছিলটি পুনরায় ক্যাম্পাসে ফিরে এসে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
উল্লেখ্য, পুরোনো বাণিজ্য মেলার মাঠ ফিরিয়ে পাওয়ার দাবিতে গত মঙ্গলবার থেকে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা। এর আগে তারা কতৃপক্ষকে মেলা সরিয়ে নেওয়ার আলটিমেটাম দিয়েছিলেন এবং নির্ধারিত সময়ে অপসারণ না করায় মেলার গেটে ভাঙচুরের ঘটনা ঘটেছিল। শিক্ষার্থীরা সাফ জানিয়ে দিয়েছেন, তাদের গবেষণার মাঠ ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।




















