যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সর্বদা সর্বোচ্চ সামরিক প্রস্তুতি বজায় রাখার জন্য সুনির্দিষ্ট পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। কক্সবাজারের নিদানিয়া এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজিত বার্ষিক ‘এয়ার ডিফেন্স ফায়ারিং’ কার্যক্রম সরাসরি পরিদর্শনকালে তিনি এই গুরুত্বারোপ করেন।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ফায়ারিং রেঞ্জ পরিদর্শনের সময় সেনাপ্রধান দেশের আকাশ প্রতিরক্ষা বা এয়ার ডিফেন্স সক্ষমতাকে আরও বেশি সুসংহত ও আধুনিক করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল স্তরের সেনাসদস্যদের পেশাগত দক্ষতার ধারাবাহিক উন্নয়ন এবং কঠোর অনুশীলনের ওপর বিশেষ জোর দেন।
পরিদর্শনকালে সেনাপ্রধানের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স (MGO), ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (GOC) ও কক্সবাজার এরিয়ার এরিয়া কমান্ডার, সেনাসদরের উর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট রিজিয়নের বিভিন্ন পদস্থ সেনাসদস্যরা। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো আক্রমণ প্রতিহত করতে সেনাবাহিনীর এই বার্ষিক ফায়ারিং মহড়া সামরিক শক্তি ও অপারেশনাল প্রস্তুতি প্রদর্শনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে।


























