নির্বাচনের পর ‘ডিজিটাল স্বাস্থ্যসেবা’ ও ‘তরুণ উদ্যোক্তা’ তৈরিতে গুরুত্ব দেবেন প্রধান উপদেষ্টা
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর, মার্চ মাসের তৃতীয় সপ্তাহে জাপান সফরে যাওয়ার পরিকল্পনা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, জাপানের খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠান ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’-এর বিশেষ আমন্ত্রণে তিনি এই সফরে অংশ নেবেন। সফরকালে তিনি মূলত সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা ও ব্লু-ইকোনমি খাতে বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন। এর আগে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকি আবে। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনার তিনটি অগ্রাধিকার খাত—ডিজিটাল স্বাস্থ্যসেবা, তরুণ উদ্যোক্তা উন্নয়ন এবং ‘থ্রি জিরো’ (শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নেট কার্বন নিঃসরণ) ধারণা বাস্তবায়নের কথা তুলে ধরেন।
সাক্ষাৎকালে ড. ইউনূস জানান, নির্বাচন-পরবর্তী সময়ে তিনি ডিজিটাল স্বাস্থ্যসেবার মাধ্যমে নারী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চান। এছাড়া প্রবাসী বাংলাদেশিরা যাতে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশে থাকা পরিবারের স্বাস্থ্যের নিয়মিত খোঁজ নিতে পারেন, সে বিষয়েও কাজ করবেন তিনি। আকি আবের সঙ্গে আলাপকালে তিনি মরহুম শিনজো আবের সঙ্গে তার দীর্ঘদিনের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্মৃতিও স্মরণ করেন। উল্লেখ্য, সাসাকাওয়া পিস ফাউন্ডেশন বিশেষ করে সামুদ্রিক নিরাপত্তা ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বিশ্বজুড়ে গবেষণার জন্য পরিচিত। এই সফরের মাধ্যমে জাপানের সঙ্গে বাংলাদেশের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
















