ভুটানে চাকরিজীবীদের বেতনের বাধ্যতামূলক এক শতাংশ স্বাস্থ্য অবদান দেশের প্রয়োজনীয় ওষুধ ও টিকার নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই অর্থ ভুটান হেলথ ট্রাস্ট ফান্ডে জমা হয় এবং সেখান থেকে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে দেওয়া প্রয়োজনীয় ওষুধ ও টিকার অর্থায়ন করা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে প্রায় ৩ হাজার ৩০০ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এই তহবিলে অবদান রাখছে এবং বছরে প্রায় ৪০ কোটি নুলট্রাম সংগ্রহ হয়। তহবিলের মোট সম্পদ প্রায় ৪৩০ কোটি নুলট্রাম, যার প্রায় ৭০ শতাংশ প্রয়োজনীয় ওষুধ ও টিকা সংগ্রহে ব্যয় করা হয়। তবে ওষুধের তালিকা সম্প্রসারণ এবং ব্যয় বৃদ্ধির কারণে প্রতিবছর প্রায় ৬০ কোটি নুলট্রাম খরচ হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে এই তহবিলের মাধ্যমে পেন্টাভ্যালেন্ট, নিউমোকক্কাল, ইনফ্লুয়েঞ্জা ও এইচপিভি টিকাসহ বিভিন্ন টিকা সংগ্রহ করা হয়েছে। এর ফলে হাজারো শিশু, কিশোর-কিশোরী ও প্রবীণ নাগরিক টিকাসেবা পেয়েছেন এবং দেশে টিকাদানের হার ৯৭ থেকে ৯৯ শতাংশে পৌঁছেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভুটান হেলথ ট্রাস্ট ফান্ডের কর্মকর্তাদের মতে, এই এক শতাংশ অবদান কেবল আর্থিক সহায়তা নয়, বরং সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধেরও প্রতিফলন। ব্যক্তিগতভাবে অল্প অর্থের অবদান হলেও সম্মিলিতভাবে এটি পুরো দেশের জনস্বাস্থ্য ব্যবস্থা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
















