আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্যালকমভিত্তিক বেবি পাউডার ব্যবহারের কারণে ডিম্বাশয়ের ক্যানসার হওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রে দায়ের হওয়া হাজারো মামলার নিষ্পত্তিতে ৫৫০ কোটি ডলার পরিশোধে সম্মত হয়েছে জনসন অ্যান্ড জনসন (জে অ্যান্ড জে)। এই সমঝোতায় দেশটির অঙ্গরাজ্য ও ফেডারেল আদালতে চলমান প্রায় ৬৯ হাজার মামলা অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সমঝোতা কার্যকর হতে হলে অন্তত ৯৫ শতাংশ বাদীর সম্মতি প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ২০২৪ সালে ট্যালককে ‘সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী’ হিসেবে শ্রেণিবদ্ধ করলেও জনসন অ্যান্ড জনসন এখনো দাবি করছে, ট্যালক ক্যানসারের কারণ—এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই।
আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রতিষ্ঠানটি ২০২০ সালে যুক্তরাষ্ট্রে এবং ২০২৩ সালে বিশ্বজুড়ে ট্যালকমভিত্তিক বেবি পাউডার বিক্রি বন্ধ করে। ২০১৬ সালে এ ধরনের একটি মামলায় জুরির রায়ে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশের পর থেকে কোম্পানিটির বিরুদ্ধে মামলার সংখ্যা ধারাবাহিকভাবে বাড়তে থাকে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই সমঝোতা যুক্তরাষ্ট্রের মামলাগুলোর জন্য প্রযোজ্য হলেও যুক্তরাজ্যে সাত হাজারের বেশি সম্ভাব্য বাদীকে নিয়ে চলমান বৃহৎ মামলাটি এর বাইরে থাকবে। সেখানে অভিযোগ করা হয়েছে, ক্যানসারের ঝুঁকির বিষয়টি জানার পরও প্রতিষ্ঠানটি ট্যালকমভিত্তিক পণ্য বিক্রি চালিয়ে গেছে, যদিও কোম্পানি এ অভিযোগও অস্বীকার করেছে।
















