বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মি. জ্যঁ-মার্ক সেরে-শার্লে এবং জার্মানির চার্জ দ্য অ্যাফেয়ার্স মিসেস আনজা কের্স্টেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (২৭ জুলাই) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিক বিষয়ক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং সদস্য নাভিদ নওরোজ শাহ উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সংসদে এনসিপির ভূমিকা, রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া আঞ্চলিক পরিস্থিতি, ইন্দো-প্যাসিফিক সহযোগিতা, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা এবং অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ।
বৈঠক শেষে উভয় পক্ষ অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ধারাবাহিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
















