রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে আলোচনা পুনরায় শুরু করার চেষ্টা চালাচ্ছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন।
বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত বৈঠকে এরদোয়ান বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য তুরস্ক কাজ করছে এবং দুই দেশের নেতাদের পর্যায়ে আলোচনা শুরু করতে চেষ্টা চালানো হচ্ছে।
২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার হামলার পর থেকে তুরস্ক দুই পক্ষের সঙ্গেই সম্পর্ক বজায় রেখেছে, যা এই মধ্যস্থতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বৈঠকে এরদোয়ান আরও বলেন, আন্তঃআটলান্টিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও ইউরোপীয় মিত্রদেরও নিরাপত্তার দায়িত্ব আরও বেশি করে নিতে হবে বলে তুরস্ক আশা করে।
এদিকে একই দিনে জার্মান নেতার সঙ্গে ফোনালাপে এরদোয়ান ইউক্রেন যুদ্ধের পাশাপাশি ইরান সংকট নিয়েও কথা বলেন। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত ইউরোপকে দুর্বল করে দিচ্ছে এবং দ্রুত শান্তিপূর্ণ সমাধান না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
অন্যদিকে ইউক্রেন জানিয়েছে, তারা তুরস্ককে অনুরোধ করেছে রাশিয়ার সঙ্গে নেতৃবৃন্দ পর্যায়ের একটি বৈঠক আয়োজন করতে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, এই বৈঠকের জন্য তুরস্কসহ কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
তিনি আরও জানান, বেলারুশ বা রাশিয়া ছাড়া অন্য যেকোনো স্থানে বৈঠক করতে ইউক্রেন প্রস্তুত রয়েছে এবং দীর্ঘদিন ধরে যুদ্ধের দ্রুত সমাধান চেয়ে আসছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার পক্ষ থেকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলোচনায় বসতে প্রস্তুত থাকলেও তা অবশ্যই চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর উদ্দেশ্যে হতে হবে। তার মতে, বৈঠক তখনই অর্থবহ হবে যখন তা ফলপ্রসূ সিদ্ধান্তে পৌঁছাতে পারবে।
















