রাজধানীর মিরপুর-৬ নম্বরে সরকারি অফিসার্স কোয়ার্টারের বেজমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
সোমবার (৬ জুলাই) রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ রাত ৮টা ২ মিনিটে মিরপুর-৬ নম্বরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন লাগার খবর পাওয়া যায়। রাত ৮টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঘটনাস্থলে বর্তমানে আমাদের ছয়টি ইউনিট কাজ করছে।
তিনি জানান, আগুন ভবনটির বেজমেন্টে লেগেছে। প্রাথমিকভাবে এর কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।
















