ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট সংগ্রহে বিশেষ নির্দেশনা দিয়েছে কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশন। ঠিকানা জটিলতায় প্রায় ৪ হাজার ব্যালট ফেরত আসায় প্রবাসীদের দ্রুত নিকটস্থ পোস্ট অফিসে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। যেসব প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন কিন্তু এখনো তা হাতে পাননি, তাঁদের দ্রুত নিকটস্থ পোস্ট অফিসে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, উল্লেখযোগ্য সংখ্যক পোস্টাল ব্যালট বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন স্থানীয় পোস্ট অফিসে সংরক্ষিত রয়েছে। ভোটারদের দেওয়া ঠিকানা অসম্পূর্ণ বা অস্পষ্ট হওয়া এবং অনেক ক্ষেত্রে টেলিফোনে যোগাযোগ করতে না পারায় সরাসরি ব্যালট বিতরণে জটিলতা সৃষ্টি হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে সবার কাছে ব্যালট পৌঁছানো সম্ভব হচ্ছে না।
হাইকমিশন সতর্ক করে বলেছে, সময়মতো ব্যালট সংগ্রহ ও তা যথাযথ প্রক্রিয়ায় পূরণ করে ফেরত না পাঠালে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ ব্যাহত হতে পারে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে এই ব্যালটগুলো পৌঁছানো ও ফেরত আসা অত্যন্ত জরুরি।
এদিকে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, কেবল ভুল বা অসম্পূর্ণ ঠিকানার কারণে মালয়েশিয়া থেকে এরই মধ্যে প্রায় ৪ হাজার পোস্টাল ব্যালট ফেরত এসেছে। প্রথমবারের মতো প্রবাসীদের জন্য এত বিশাল পরিসরে ভোটাধিকার দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও মাঠপর্যায়ে তথ্যগত ভুল ও সমন্বয়হীনতার কারণে বড় একটি অংশ ভোট দেওয়া থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়েছেন।
প্রবাসীদের ভোটার নিবন্ধন ফরমে দেওয়া ঠিকানায় কোনো ত্রুটি থাকলে বা ডাকপিয়ন খুঁজে না পেলে নিকটস্থ পোস্ট অফিসে গিয়ে নিজের নাম ও পাসপোর্ট নম্বর দিয়ে খোঁজ নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
















