ক্যাম্প-১৬–এর ব্লক ডিতে ভোরের আগুন, নিয়ন্ত্রণে আনতে লাগে সাড়ে তিন ঘণ্টা
শীত মৌসুমে আবারও রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, আতঙ্কে বাসিন্দারা
কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাড়ে চার শতাধিক বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে উখিয়ার ক্যাম্প-১৬–এর ব্লক ডিতে এ আগুনের ঘটনা ঘটে।
ভুক্তভোগী রোহিঙ্গাদের বরাতে জানা গেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় মুহূর্তের মধ্যেই শত শত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে অসংখ্য পরিবার তাদের সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় প্রায় তিন থেকে সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় চার থেকে সাড়ে চার শতাধিক বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। তবে আগুনে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, প্রতি শীত মৌসুমে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অতীতেও একাধিকবার এক রাতেই কয়েক হাজার ঘর পুড়ে যাওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটেছে। সর্বশেষ এই অগ্নিকাণ্ডের পর ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘরবাড়ি ও মালামাল হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা।
















