ঋণ সুবিধার অপব্যবহার করে ভুয়া রপ্তানি বিল তৈরি এবং বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তার ছেলেসহ ৬৯ জনের বিরুদ্ধে তিনটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই তিন ঘটনায় মোট ১ হাজার ১২১ কোটি টাকারও বেশি আত্মসাৎ ও পাচারের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। সোমবার দুদকের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
দুদক সূত্রে জানা গেছে, অনুমোদিত মামলাগুলোতে ভুয়া আমদানি-রপ্তানি লেনদেন দেখিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ঋণ সুবিধা নেওয়া এবং সেই অর্থ বিদেশে পাচার করার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। আসামিদের তালিকায় বেক্সিমকো গ্রুপের শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং জনতা ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছেন।
অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ঋণ সুবিধা দেওয়া হয়েছিল। পরবর্তীতে নিজেদের মধ্যে ভুয়া লেনদেন দেখিয়ে অ্যাকোমোডেশন বিল তৈরি করা হয় এবং অর্জিত বৈদেশিক মুদ্রা দেশে না এনে অবৈধভাবে আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়।


























