বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, একদল স্বার্থান্বেষী মহল সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে এবং সেনাবাহিনীর সুদীর্ঘ ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই অপপ্রচার চালাচ্ছে। এসব গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ করা হয়েছে।
আইএসপিআর আরও উল্লেখ করেছে, বাংলাদেশ সেনাবাহিনী সুদৃঢ় চেইন অব কমান্ড, পারস্পরিক বিশ্বাস, শৃঙ্খলা ও পেশাদারিত্বের মাধ্যমে সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে। দেশ ও জনগণের সুরক্ষায় অর্পিত যেকোনো দায়িত্ব পালনে তারা অঙ্গীকারাবদ্ধ। এ ছাড়া সেনাবাহিনী বা সেনাপ্রধান সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য কেবল আনুষ্ঠানিক উৎস অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
























