ভারত ও যুক্তরাজ্যের মধ্যকার মুক্ত বাণিজ্য চুক্তি বুধবার থেকে কার্যকর হচ্ছে। এর ফলে দুই দেশের ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে শুল্ক সুবিধা পাবেন। একই সঙ্গে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ভবিষ্যৎ বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে এটি ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষামূলক ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।
চুক্তির আওতায় ভারত থেকে রপ্তানি হওয়া প্রায় ৯৯ শতাংশ পণ্যের ওপর শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি যুক্তরাজ্যের প্রায় ৯০ শতাংশ পণ্যের আমদানি শুল্কও কমানো হয়েছে। এর ফলে উভয় দেশের ব্যবসা ও বিনিয়োগে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাজ্যের বিলাসবহুল মোটরগাড়ি, মদ এবং অন্যান্য উচ্চমূল্যের পণ্য রপ্তানি থেকে লাভবান হবে। অন্যদিকে ভারতের তৈরি পোশাক, বস্ত্র, চামড়াজাত পণ্যসহ বিভিন্ন রপ্তানি খাত উল্লেখযোগ্য সুবিধা পাবে।
বিশেষজ্ঞদের মতে, এই চুক্তির প্রাথমিক সুফলের মধ্যে থাকবে শুল্ক কমানো, শুল্ক প্রক্রিয়া সহজ করা এবং দুই দেশের ব্যবসায়ীদের জন্য বাজারে প্রবেশের সুযোগ বৃদ্ধি।
অর্থনৈতিক বিশ্লেষকদের ধারণা, যুক্তরাজ্যের সঙ্গে এই চুক্তির সফল বাস্তবায়ন হলে ইউরোপ ও অন্যান্য পশ্চিমা দেশের সঙ্গে ভবিষ্যৎ বাণিজ্য আলোচনায় ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে রপ্তানি বৈচিত্র্য বাড়ানোর ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
















