টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার কলমাকান্দা পয়েন্টে উপদাখালী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। একই সঙ্গে জেলার অন্যান্য নদ-নদীর পানিও বাড়তে থাকায় বন্যা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার (১২ জুলাই) সকাল ৯টায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সর্বশেষ তথ্যে দেখা যায়, কলমাকান্দা স্টেশনে উপদাখালী নদীর পানি বিপদসীমার ০.০২ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাউবো জানিয়েছে, নদীটির পানি আরও বাড়তে পারে।
এদিকে জেলার অন্যান্য প্রধান নদ-নদীর পানিও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। জারিয়া স্টেশনে কংশ নদীর পানি বিপদসীমার ১.৫৯ মিটার নিচে থাকলেও সেখানে পানি বাড়ার প্রবণতা রয়েছে।
খালিয়াজুরী স্টেশনে ধনু নদীর পানি বিপদসীমার ১.৩৯ মিটার এবং আটপাড়া স্টেশনে মগড়া নদীর পানি বিপদসীমার ০.৬৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে দুটি নদীতেই পানি বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।
অন্যদিকে সোমেশ্বরী নদীর পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক। বিজয়পুর ও দুর্গাপুর—উভয় পয়েন্টেই নদীটির পানি কমছে। বর্তমানে বিজয়পুর স্টেশনে পানি বিপদসীমার ৩.১০ মিটার এবং দুর্গাপুর স্টেশনে ৩.০৪ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উপদাখালী নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় কলমাকান্দা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
















