দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ২ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (১২ জুলাই) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের খানপুর ও আমতলী বিওপির সদস্যরা পৃথক দুটি অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৪০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৩৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার করা মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের মোট সিজার মূল্য ২ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা। জব্দ করা আলামত প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক, অবৈধ পণ্য ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সীমান্তকে নিরাপদ রাখতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে আরও বলা হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের যেকোনো ধরনের চোরাচালান ও মাদক সংক্রান্ত তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
















