দেশের বাজারে স্বর্ণের মূল্য পুনরায় বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংশোধিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন এই দর সোমবার সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে এবং মঙ্গলবারও একই মূল্যে স্বর্ণ কেনাবেচা হবে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকায় বিক্রি হবে।
স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ স্বর্ণের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস। সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলা হয়, অলংকারের ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে এবং বিক্রয়মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে পৃথকভাবে ভ্যাট আদায় করা যাবে না।






















