পশ্চিম নাইজেরিয়ার নীরব ভোর হঠাৎই রূপ নিল বিভীষিকায়। সেন্ট মেরিজ স্কুলের আঙিনায় শুক্রবার ভোরে বন্দুকধারীরা ঝড়ের মতো ঢুকে অপহরণ করে নিয়ে গেছে দুই শতাধিক শিশু। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি দেশটির সবচেয়ে বড় সামষ্টিক অপহরণের ঘটনা বলে মনে করছেন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা।
নাইজার স্টেটের আগওয়ারা জেলার পাপিরি সম্প্রদায়ের এই স্কুলটি থেকে ২১৫ জন শিক্ষার্থী ও ১২ জন শিক্ষককে জিম্মা করে নিয়ে গেছে হামলাকারীরা—এ তথ্য নিশ্চিত করেছে খ্রিস্টান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া। সংগঠনের মুখপাত্র ড্যানিয়েল আতোরি জানান, তিনি অপহৃত শিশুদের অসহায় পরিবারগুলোর সঙ্গে দেখা করতে এলাকায় গিয়েছিলেন।
“অভিভাবকদের চোখে শুধু আতঙ্ক আর অপেক্ষার যন্ত্রণা,” বললেন তিনি। “আমরা সব শক্তি দিয়ে চেষ্টা করছি তাদের সন্তানদের ফিরে আনার।”
পুলিশ জানিয়েছে, ভোরের আগেই হামলা চালানো হয়। এরপর সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকায় মোতায়েন করা হয়েছে। বিশাল স্কুল কমপ্লেক্সটির চারপাশের মানুষ বর্ণনা করেছেন, কীভাবে আতঙ্কে কেউ কেউ নিজেদের সন্তান খুঁজতে ছুটে বেড়িয়েছেন।
৬২ বছর বয়সী দাউদা চেকুলা জানান, তার সাত থেকে দশ বছর বয়সী চার নাতি-নাতনিকে নিয়ে গেছে অপহরণকারীরা।
“সকাল থেকে কোনো খবর নেই,” তিনি বলেন। “যেসব শিশু পালাতে পেরেছিল তারা ছড়িয়ে পড়েছে, আর যারা আটক আছে তাদের নিয়ে অপহরণকারীরা বনের দিকে যাচ্ছে—এটাই আমরা শুনছি।”
সরকার বলেছে, এলাকায় বাড়তি হামলার আশঙ্কা নিয়ে আগেই সতর্কতা জারি করা হয়েছিল। অথচ স্কুলটি সরকারি অনুমতি ছাড়াই পুনরায় খুলে দেওয়া হয়েছিল, যা শিশুদের অনর্থক বিপদের মুখে ঠেলে দিয়েছে।
স্কুলটিতে আনুষ্ঠানিক নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ক্যাথলিক ডায়োসিস জানিয়েছে, হামলার সময় স্কুলের এক নিরাপত্তারক্ষীকে গুরুতরভাবে গুলি করা হয়।
এ ঘটনার পরপরই প্রেসিডেন্ট বোলা টিনুবু দক্ষিণ আফ্রিকায় জি২০ সম্মেলনে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন। তার পরিবর্তে দেশে সংকট মোকাবিলায় থেকে যাচ্ছেন তিনি। এর আগে আরেকটি স্কুল এবং একটি গির্জায় হামলার পর নাইজেরিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বেড়ে যায়।
কয়েক দিন আগে উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেব্বি স্টেটের একটি স্কুলে ২৫ জন ছাত্রীকে অপহরণ করেছিল আরেকদল সশস্ত্র হামলাকারী। এখনও নিখোঁজ রয়েছে ২৪ জন।
নাইজার স্টেটের পুলিশ জানিয়েছে, তাদের ট্যাকটিক্যাল ইউনিট ও সেনাবাহিনী অপহৃত শিশুদের উদ্ধারে বনের ভেতর অভিযান চালাচ্ছে। পুলিশের ভাষ্য, রাত ২টার দিকে খবর পাওয়া যায় যে ভারী অস্ত্রধারী একদল লোক সেন্ট মেরিজ প্রাইভেট ক্যাথলিক সেকেন্ডারি স্কুলে হামলা চালিয়ে ছাত্রছাত্রীদের হোস্টেল থেকে অজ্ঞাত সংখ্যক শিশুকে অপহরণ করেছে।
এ সপ্তাহে নাইজেরিয়ার গির্জা, স্কুল ও গ্রামগুলোতে একের পর এক হামলা দেশটিকে আবারও অস্থিরতার কঠিন মুখোমুখি দাঁড় করিয়েছে। এদিকে কওয়ারা স্টেটে গির্জা থেকে অপহৃত ৩৮ উপাসকের প্রতিটির জন্য ১০ কোটি নাইরা মুক্তিপণ দাবি করছে আরেক অপহরণকারী দল।
নাইজেরিয়ার পশ্চিমাঞ্চলের রাত তাই অন্ধকারেই ভারী—সন্তানদের ফিরে পাওয়ার আশায় কাঁদছেন শত শত পরিবার, আর গোটা দেশ তাকিয়ে আছে সেই মুহূর্তের দিকে, যখন হয়তো কোনো আশার আলো ভেসে উঠবে।
















