হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ভারতীয় পতাকাবাহী দুটি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবারের এই ঘটনায় ভারত গভীর উদ্বেগ জানিয়েছে। এ ঘটনার পর ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাথালি-কে তলব করা হয় এবং তার সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
বৈঠকে ভারতীয় পক্ষ হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানায়।
একই সঙ্গে ভারত জোর দিয়ে বলেছে, যত দ্রুত সম্ভব এই প্রণালি দিয়ে ভারতগামী জাহাজ চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালিতে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল, যা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
















