তুরস্ক সফর শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান-এর উষ্ণ অভ্যর্থনার প্রশংসা করেছেন এবং দুই দেশের সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তুরস্কের আন্তালিয়া শহরে অনুষ্ঠিত আন্তালিয়া কূটনীতি ফোরাম-এর পঞ্চম আসরে অংশ নেওয়ার পর তিনি এই মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শাহবাজ শরিফ বলেন, আন্তালিয়া সফর তাকে আন্তরিক অভিজ্ঞতা দিয়েছে এবং পাকিস্তান ও তুরস্কের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দুই দেশ কূটনীতি ও সংলাপের মাধ্যমে একসঙ্গে কাজ চালিয়ে যাবে।
দীর্ঘদিন ধরেই পাকিস্তান ও তুরস্কের মধ্যে রাজনৈতিক, সাংস্কৃতিক ও কৌশলগত সম্পর্ক দৃঢ়। আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও দুই দেশ একে অপরকে সমর্থন দিয়ে আসছে।
সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক যোগাযোগ উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করছে।
এ বছরের ফোরামে বৈশ্বিক ও আঞ্চলিক নানা চ্যালেঞ্জ এবং কূটনৈতিক সমাধান নিয়ে আলোচনা হয়, যেখানে বিভিন্ন দেশের শীর্ষ নেতারা অংশ নেন।
















