দেশে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।
রোববার (১৯ এপ্রিল) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান।
এর আগে, গত ২ এপ্রিল হামের প্রাদুর্ভাব না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। একইসঙ্গে দেশে হামে আক্রান্ত হয়ে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের আবেদনও জানানো হয়।
রিটটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হয়েছে। এর পাশাপাশি সম্প্রতি দেশের সব শিশুর জন্য হামের টিকা নিশ্চিত করতে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়। মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া স্বাস্থ্য মন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে এ নোটিশ পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়, টিকার ঘাটতির কারণে দেশের বিভিন্ন এলাকায় শিশুরা হামে আক্রান্ত হচ্ছে এবং হাসপাতালে ভর্তি হচ্ছে, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।
নোটিশে সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত হামে শিশু মৃত্যুর খবর এবং শতাধিক আক্রান্তের প্রতিবেদন সংযুক্ত করা হয়। সেখানে বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট দায়ের করা হবে।
















