থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় নারাথিওয়াত প্রদেশে একটি নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলায় পাঁচজন আধাসামরিক সেনা নিহত এবং ছয়জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, হামলাকারীরা নিরাপত্তা সদস্যদের লক্ষ্য করে গুলি ও পাইপ বোমা ব্যবহার করে এ হামলা চালায়।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় বুকেটা সামি চেকপয়েন্টে দায়িত্ব পালনরত টাস্ক ফোর্স রেঞ্জার রেজিমেন্ট-৪৫-এর সদস্যদের ওপর হামলাটি হয়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি এবং এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের তথ্যও জানানো হয়নি।
এ হামলার একদিন আগে একই প্রদেশে একটি পরিত্যক্ত পুলিশ স্টেশনের বাইরে গাড়িবোমা বিস্ফোরণে একজন পুলিশ কর্মকর্তা আহত হন এবং স্থাপনাটির ক্ষয়ক্ষতি হয়। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে পালিয়ে যাওয়া দুই সন্দেহভাজনকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নারাথিওয়াত, পাত্তানি ও ইয়ালা—এই তিনটি মুসলিম-অধ্যুষিত সীমান্ত প্রদেশ ২০০৪ সাল থেকে বিচ্ছিন্নতাবাদী সহিংসতার কেন্দ্রবিন্দু। দীর্ঘদিনের এ সংঘাতে এখন পর্যন্ত সাত হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। সাম্প্রতিক সহিংসতার মধ্যেই থাই সরকার ও প্রধান বিদ্রোহী সংগঠন বারিসান রেভোলুসি নাসিওনালের (বিআরএন) মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরুর উদ্যোগ চলছিল।
















