আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে পারেন। একই দিনে মার্কিন সিনেটে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা বিলের ওপর ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে শেষ মুহূর্তে ইরানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা যুক্ত করার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি কাস্পিয়ান সাগরে ইরানের একটি জাহাজে ইউক্রেনের হামলার পর ইরান-ইউক্রেন ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব একে অপরের সঙ্গে জড়িয়ে পড়েছে। ইরান ওই হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে, আর বিশ্লেষকদের মতে, এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের সঙ্গেও সম্পর্কিত।
আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালের শুরুতে ট্রাম্প ও জেলেনস্কির সম্পর্ক উত্তেজনাপূর্ণ থাকলেও সাম্প্রতিক মাসগুলোতে তা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। দুই দেশ যৌথভাবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন উৎপাদন নিয়ে সহযোগিতা বাড়ানোর দিকেও এগোচ্ছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তীব্র লড়াই অব্যাহত রয়েছে। রুশ হামলায় অন্তত সাতজন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছেন। একই সময়ে রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় একজন নিহত এবং দুজন আহত হয়েছেন।
















