অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় কুইন্সল্যান্ড উপকূলে হাঙরের হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার কেনেডি শোল নামের অগভীর প্রবালপ্রাচীর এলাকায় ওই ব্যক্তি হাঙরের কামড়ের শিকার হন। ঘটনাস্থলটি উপকূল থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত।
হামলার পর তাকে দ্রুত তীরে নিয়ে আসা হয় এবং অ্যাম্বুলেন্সে চিকিৎসা দেওয়া হয়। তবে অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।
নিহতের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের জন্য আশপাশের সৈকতগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
গত এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে অস্ট্রেলিয়ায় এটি দ্বিতীয় প্রাণঘাতী হাঙর হামলার ঘটনা।
গত ১৬ মে পশ্চিম উপকূলের পার্থের কাছে হাঙরের হামলায় ৩৮ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন।
অস্ট্রেলিয়ার পূর্ব ও দক্ষিণ-পূর্ব উপকূলে হাঙরের হামলার ঘটনা সবচেয়ে বেশি ঘটে। দেশটির স্বাস্থ্য ও কল্যাণ সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর গড়ে প্রায় ২০টি হামলার ঘটনা রেকর্ড হয়।
















