চট্টগ্রাম নগরে আবারও ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার সকালে অনুষ্ঠিত এ মিছিলের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।
ভিডিওতে দেখা যায়, নগরের অনন্যা আবাসিক এলাকার একটি বেসরকারি হাসপাতালের সামনে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন মিছিলকারীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলটি অক্সিজেন-হাটহাজারী সড়কের কুয়াইশ এলাকা থেকে শুরু হয়ে অনন্যা আবাসিক এলাকার দিকে অগ্রসর হয়।
মিছিল শেষে নেতা-কর্মীরা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এতে নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার এক সহসভাপতি নেতৃত্ব দেন।
অনন্যা আবাসিক এলাকা নগরের বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও এবং জেলার হাটহাজারী থানা এলাকার সংযোগস্থলের কাছাকাছি অবস্থিত। তবে মিছিলের স্থানটি হাটহাজারী থানা এলাকার আওতাভুক্ত বলে জানা গেছে।
এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, মিছিলের বিষয়ে তাঁদের কাছে তাৎক্ষণিক কোনো তথ্য ছিল না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
এর আগে গত সোমবারও নগরের জিইসি মোড় এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ঘটনা ঘটে। ওই ঘটনার পর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৭০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
















