চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ঢেমশা ইউনিয়নের একটি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুন্নাহার বেগম (৬৫) সাতকানিয়া পৌরসভার ছিটুয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি বাক্প্রতিবন্ধী ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে উত্তর ঢেমশা এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন নুরুন্নাহার বেগম। পথে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন পার হওয়ার সময় একটি চলন্ত ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী ট্রেনটি সাতকানিয়া রেলস্টেশন অতিক্রম করার সময় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
















