সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস হালকা গরম পানিতে লেবু ও মধু মিশিয়ে পান করার অভ্যাস এখন অনেকের দৈনন্দিন রুটিনের অংশ। সহজ এই পানীয়টি স্বাস্থ্য সচেতন মানুষের কাছে বেশ জনপ্রিয়। কারণ, নিয়মিত এটি পান করলে শরীরে ধীরে ধীরে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, লেবু-মধুর পানি শরীরকে আর্দ্র রাখতে সহায়তা করে। অনেকেই সাধারণ পানি কম পান করলেও লেবুর স্বাদ ও মধুর হালকা মিষ্টতার কারণে এই পানীয় সহজে পান করতে পারেন। এতে শরীরের পানিশূন্যতা কমতে সাহায্য করে।
লেবুতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে। পাশাপাশি এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দিতে সহায়তা করে। নিয়মিত গ্রহণ করলে ত্বকেও কিছুটা সতেজভাব আসতে পারে।
হজমের ক্ষেত্রেও এই পানীয় উপকারী হতে পারে। বিশেষজ্ঞদের মতে, সকালে খালি পেটে লেবু-মধুর পানি পান পাকস্থলীর কার্যক্রম সক্রিয় করতে সাহায্য করে, ফলে হজম প্রক্রিয়া তুলনামূলক সহজ হতে পারে।
এ ছাড়া ওজন নিয়ন্ত্রণেও এটি সহায়ক ভূমিকা রাখতে পারে। উচ্চ-ক্যালোরিযুক্ত পানীয়ের পরিবর্তে লেবু-মধুর পানি পান করলে অতিরিক্ত চিনি গ্রহণ কমে যায়। খাবারের আগে পানি পান করলে পেট ভরা অনুভূতি তৈরি হয়, যা অতিরিক্ত খাওয়া কমাতে সাহায্য করতে পারে।
মধুতে থাকা কিছু প্রাকৃতিক উপাদান অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়তা করতে পারে। এতে হজমতন্ত্রের পরিবেশ ধীরে ধীরে উন্নত হওয়ার সম্ভাবনা থাকে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, লেবু-মধুর পানি কোনো অলৌকিক সমাধান নয়। যাদের গ্যাস্ট্রিক, আলসার, ডায়াবেটিস বা দাঁতের সংবেদনশীলতার সমস্যা রয়েছে, তাদের নিয়মিত এই পানীয় গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
















