দেশের ওপর বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
শনিবার (২ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে জানানো হয়, প্রথম দিন শনিবার (২ মে) সন্ধ্যা ৬টা থেকে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দ্বিতীয় দিন রোববার (৩ মে) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। অনেক স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকার পাশাপাশি কিছু এলাকায় ভারী বর্ষণ হতে পারে। এদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
তৃতীয় দিন সোমবার (৪ মে) রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
চতুর্থ দিন মঙ্গলবার (৫ মে) বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পঞ্চম দিন বৃহস্পতিবার (৬ মে) ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
















