ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়া সব দলের জন্য পুরস্কারের অর্থ ও আর্থিক সহায়তা বাড়ানো হবে।
৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই আসরে অংশগ্রহণ খরচ বেড়ে যাওয়ায় বিভিন্ন দেশের ফুটবল সংস্থার অনুরোধের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিশেষ করে ইউরোপীয় সংস্থাগুলো ভ্রমণ, পরিচালনা ও কর সংক্রান্ত ব্যয় বৃদ্ধির বিষয়টি তুলে ধরেছিল।
নতুন প্রস্তাব অনুযায়ী, প্রতিটি দলকে আগের তুলনায় বেশি অর্থ দেওয়া হবে, যাতে তাদের অংশগ্রহণের খরচ সহজে বহন করা যায়। এই প্রস্তাব অনুমোদনের জন্য ফিফা কাউন্সিল এর বৈঠকে উপস্থাপন করা হবে।
এর আগে ফিফা ঘোষণা দিয়েছিল, বিশ্বকাপের মোট পুরস্কার তহবিল হবে প্রায় ৭২৭ মিলিয়ন ডলার। এতে চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ৫০ মিলিয়ন ডলার এবং প্রতিটি দল ন্যূনতম ১০.৫ মিলিয়ন ডলার করে পাবে। নতুন সিদ্ধান্তে এই অর্থ আরও বাড়তে পারে।
ফিফা জানিয়েছে, ২০২৩ থেকে ২০২৬ সময়কালে তাদের মোট আয় ১১ বিলিয়ন ডলারের বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা বিশ্ব ফুটবলের উন্নয়নে ব্যয় করা হবে।
বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে তিনটি দেশে— যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। আগামী ১১ জুন থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।
ফিফা জানিয়েছে, এই আসর শুধু ক্রীড়ার দিক থেকেই নয়, আর্থিক দিক থেকেও বৈশ্বিক ফুটবলের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।
















