নীল সমুদ্র, সাদা বালির সৈকত আর পর্যটনের জন্য পরিচিত আটলান্টিক মহাসাগরের দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে এবার ইতিহাস গড়তে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে।
প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে দেশটি। আফ্রিকা অঞ্চল থেকে অংশ নেওয়া ১০টি দেশের একটি কেপ ভার্দে, যাদের ডাকনাম “ব্লু শার্কস”।
পর্তুগালের কাছ থেকে স্বাধীনতার ৫০ বছর পূর্তির বছরেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে দেশটি, যা তাদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।
কীভাবে বিশ্বকাপে উঠল কেপ ভার্দে?
আফ্রিকান বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করে কেপ ভার্দে।
ক্যামেরুন ও অ্যাঙ্গোলার মতো শক্তিশালী দল থাকা গ্রুপে ১০ ম্যাচের মধ্যে ৮টিতে জয় পায় তারা। নিজেদের মাঠে পাঁচটি ম্যাচেই জয় তুলে নেয় এবং কোনো গোলও হজম করেনি।
শেষ ম্যাচের আগে ক্যামেরুনের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে ছিল কেপ ভার্দে। শেষ পর্যন্ত তারা গ্রুপ শেষ করে ২৩ পয়েন্ট নিয়ে, যা ক্যামেরুনের চেয়ে চার পয়েন্ট বেশি।
মাত্র ছয় লাখ জনসংখ্যা এবং চার হাজার বর্গকিলোমিটার আয়তনের এই দেশ বিশ্বকাপে ওঠা ইতিহাসের অন্যতম ক্ষুদ্র দেশ।
এর আগে কি বড় টুর্নামেন্ট খেলেছে?
হ্যাঁ। আফ্রিকা কাপ অব নেশনসে চারবার অংশ নিয়েছে কেপ ভার্দে।
২০১৩ সালে প্রথম অংশ নিয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছিল দলটি। ২০২৩ সালেও শেষ আটে জায়গা করে নেয় তারা।
২০২২ বিশ্বকাপেও খুব কাছাকাছি পৌঁছেছিল কেপ ভার্দে, তবে শেষ ম্যাচে বাদ পড়ে যায়।
বিশ্ব র্যাঙ্কিং কত?
বর্তমানে কেপ ভার্দের অবস্থান ৬৯তম। আফ্রিকা থেকে বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে এটি দ্বিতীয় সর্বনিম্ন র্যাঙ্কিং।
কারা প্রতিপক্ষ?
কেপ ভার্দে রয়েছে কঠিন এক গ্রুপে।
তাদের প্রতিপক্ষ:
- স্পেন
- উরুগুয়ে
- সৌদি আরব
সব ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।
সূচি:
- ১৫ জুন: স্পেন বনাম কেপ ভার্দে
- ২১ জুন: উরুগুয়ে বনাম কেপ ভার্দে
- ২৬ জুন: কেপ ভার্দে বনাম সৌদি আরব
দলের কোচ কে?
দলের প্রধান কোচ পেদ্রো লেইতাও ব্রিতো, যিনি “বুবিস্তা” নামে বেশি পরিচিত।
সাবেক এই জাতীয় ফুটবলার ২০২০ সাল থেকে দলের দায়িত্বে আছেন। তার অধীনেই টানা দুই আফ্রিকা কাপে নকআউট পর্বে উঠেছে কেপ ভার্দে এবং প্রথমবার বিশ্বকাপ নিশ্চিত করেছে।
২০২৫ সালে তিনি আফ্রিকার বর্ষসেরা কোচের পুরস্কারও জেতেন।
মূল খেলোয়াড় কারা?
বাছাইপর্বে দলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন ডাইলন লিভ্রামেন্তো।
এছাড়া অধিনায়ক রায়ান মেন্দেস, গোলরক্ষক ভোজিনিয়া, ডিফেন্ডার রবার্তো লোপেস এবং মিডফিল্ডার জামিরো মন্টেইরো দলের গুরুত্বপূর্ণ সদস্য।
দলের বেশিরভাগ ফুটবলার ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন ক্লাবে খেলেন।
বিশ্বকাপের প্রস্তুতি কেমন?
বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচ খেলেছে কেপ ভার্দে। তারা চিলির কাছে হেরেছে, তবে ফিনল্যান্ডকে টাইব্রেকারে হারিয়েছে।
বিশ্বকাপে কী আশা করা যায়?
কাগজে-কলমে ছোট দল হলেও কেপ ভার্দেকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
আফ্রিকান বাছাইপর্বে তাদের লড়াকু পারফরম্যান্স দেখিয়েছে যে বড় দলকে চমকে দেওয়ার সামর্থ্য তাদের রয়েছে।
কোচ বুবিস্তার ভাষায়, “আমরা ছোট দেশ হতে পারি, কিন্তু সেটা শুধু মানচিত্রে। আমাদের হৃদয় অনেক বড়।”
















