যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট টেক্সাস অঙ্গরাজ্যের পুনর্নির্ধারিত নির্বাচনী মানচিত্র পুনর্বহালের নির্দেশ দিয়েছে, যা রিপাবলিকানদের আসনসংখ্যা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সোমবার দেওয়া এই রায়ে আদালতের ছয়জন রক্ষণশীল বিচারপতি সমর্থন দেন, বিপরীতে তিনজন উদারপন্থী বিচারপতি ভিন্নমত পোষণ করেন।
এই মানচিত্রটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সমর্থনে প্রণয়ন করা হয় এবং ২০২৫ সালে রিপাবলিকান-নিয়ন্ত্রিত আইনসভা এটি অনুমোদন করে। পরে অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট এতে স্বাক্ষর করেন।
নতুন মানচিত্রের ফলে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা অন্তত পাঁচটি আসন রিপাবলিকানদের দখলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার কৌশল বাস্তবায়ন করতে চায় রিপাবলিকানরা।
এর আগে একটি নিম্ন আদালত এই মানচিত্র স্থগিত করেছিল, কারণ এতে বর্ণভিত্তিক বৈষম্যের সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করা হয়। তবে সর্বোচ্চ আদালত সেই সিদ্ধান্ত বাতিল করে নতুন মানচিত্র কার্যকর করার পথ খুলে দেয়।
মানবাধিকার সংগঠনগুলো এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। তাদের মতে, এই পুনর্বিন্যাসের মাধ্যমে সংখ্যালঘু জনগোষ্ঠীর রাজনৈতিক প্রভাব কমিয়ে দেওয়া হয়েছে।
এদিকে টেক্সাসের বাইরে অন্য অঙ্গরাজ্যেও নির্বাচনী মানচিত্র নিয়ে বিরোধ বাড়ছে। ফ্লোরিডা তে নতুন একটি প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে ডেমোক্র্যাটদের চারটি আসন রিপাবলিকানদের দখলে নেওয়ার পরিকল্পনা রয়েছে। গভর্নর রন ডেসান্টিস এই প্রস্তাব উত্থাপন করেছেন।
অন্যদিকে ভার্জিনিয়া তে ডেমোক্র্যাট-সমর্থিত মানচিত্র অনুমোদিত হয়েছে, যা রিপাবলিকানদের চ্যালেঞ্জের মুখে পড়েছে।
বিশ্লেষকদের মতে, নির্বাচনী মানচিত্র পুনর্নির্ধারণ নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে যে রাজনৈতিক লড়াই শুরু হয়েছে, তা আসন্ন নির্বাচনে ক্ষমতার ভারসাম্য নির্ধারণে বড় ভূমিকা রাখবে।
















