মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র খনি খাতের নিরাপত্তা জোরদার করতে একটি নতুন আধাসামরিক বাহিনী গঠনের পরিকল্পনা নিয়েছে, যার পেছনে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের আর্থিক সহায়তা থাকবে।
দেশটির খনি তদারকি সংস্থা জেনারেল ইনস্পেক্টরেট অব মাইনস জানিয়েছে, “মাইনিং গার্ড” নামে এই বাহিনী খনির নিরাপত্তা ও খনিজ পরিবহন ব্যবস্থার সুরক্ষা নিশ্চিত করবে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে ধাপে ধাপে ২০ হাজারের বেশি সদস্য নিয়োগ দেওয়া হবে, যারা দেশের ২২টি খনি অঞ্চলে দায়িত্ব পালন করবে। নতুন সদস্যদের ছয় মাসের প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রথম দল চলতি বছরের ডিসেম্বরেই মাঠে নামবে।
দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি খনি খাতে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছেন বলে জানানো হয়েছে। অবৈধ কার্যক্রম কমিয়ে খনিজ সম্পদের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করাই এর লক্ষ্য।
প্রায় ১০০ মিলিয়ন ডলারের এই প্রকল্পের মাধ্যমে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ওপর প্রভাব বাড়াতে চায়। বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি ও প্রতিরক্ষা প্রযুক্তিতে ব্যবহৃত কোবাল্টের প্রায় ৭০ শতাংশই উৎপাদিত হয় এই দেশ থেকে। এছাড়া তামা, কোলটান ও লিথিয়ামেরও বিশাল মজুদ রয়েছে এখানে।
বর্তমানে খনি খাতে চীনা কোম্পানিগুলোর আধিপত্য রয়েছে। যুক্তরাষ্ট্র সেই প্রভাব কমিয়ে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে বলে বিশ্লেষকদের ধারণা।
দেশটির পূর্বাঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে, যেখানে খনিজ সম্পদের নিয়ন্ত্রণ একটি বড় কারণ। এ প্রেক্ষাপটে খনি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন বাহিনী গঠনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
















