ফ্রান্সের উত্তর উপকূলে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টা করতে গিয়ে চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দুইজন পুরুষ ও দুইজন নারী একটি নৌযানে ওঠার চেষ্টা করছিলেন। এ সময় সাগরের প্রবল স্রোতে তারা ভেসে যান এবং ঘটনাস্থলেই মারা যান। তবে নিহতের সংখ্যা এখনো চূড়ান্ত নয় বলে জানানো হয়েছে।
এই ঘটনায় আরও একজন গুরুতর শীতজনিত সমস্যায় আক্রান্ত হন, যদিও তার অবস্থা আশঙ্কামুক্ত। এছাড়া ৩৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ফ্রান্সের বুলোন উপকূলের কাছে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই দমকল বাহিনী ও জরুরি চিকিৎসা দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে, যা এখনও চলমান রয়েছে।
সাম্প্রতিক সময়ে আবহাওয়া কিছুটা অনুকূলে থাকায় চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টা বেড়েছে। সাধারণত গ্রীষ্মকালে এই প্রবণতা আরও বৃদ্ধি পায়।
পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক বছরে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা বেড়েছে। ২০২৫ সালে ৪১ হাজারের বেশি মানুষ এই পথে যুক্তরাজ্যে পৌঁছেছে।
তবে ২০২৬ সালের শুরুতে এই সংখ্যা কিছুটা কমেছে, যা মূলত খারাপ আবহাওয়ার কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, মানবপাচারকারী চক্র এখন নতুন কৌশল ব্যবহার করছে। তারা উপকূল থেকে সরাসরি নৌকা ছাড়ার বদলে দূরবর্তী স্থান থেকে নৌযান চালিয়ে এনে সমুদ্রে অপেক্ষমাণ যাত্রীদের তুলে নিচ্ছে, যাতে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়ানো যায়।
এই ধরনের বিপজ্জনক যাত্রা অব্যাহত থাকায় প্রাণহানির ঝুঁকিও বাড়ছে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা।
















