যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সৌদি আরবের জেদ্দা শহরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে আঞ্চলিক যুদ্ধবিরতি বজায় রাখা, সমুদ্রপথের নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন স্টারমার এবং এটিকে স্থায়ী শান্তিতে রূপ দিতে এখন কাজ চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন।
তিনি বলেন, হরমুজ প্রণালী পুনরায় চালু করা অত্যন্ত জরুরি এবং নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে অংশীদার দেশগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এছাড়া সাম্প্রতিক প্রতিরক্ষামূলক পদক্ষেপের সময় সৌদি আরব যে ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রেখেছে, তার জন্য ধন্যবাদ জানান স্টারমার।
তিনি সৌদি আরবকে একটি গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে উল্লেখ করে প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এর অংশ হিসেবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনসহ বিভিন্ন সহায়তার কথাও তুলে ধরেন।
দুই নেতা দীর্ঘমেয়াদি নিরাপত্তা সক্ষমতা বাড়াতে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা করেন।
বিবৃতিতে আরও বলা হয়, জেদ্দা চুক্তির অধীনে যুক্তরাজ্য ও সৌদি আরবের ১০০ বছরের বন্ধুত্ব উদযাপন সামনে আসছে এবং ভবিষ্যতেও দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে।
















