মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতা কমে গেছে বলে দাবি করার পরই ইসরায়েলের উত্তরাঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
ইসরায়েলি গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার ভোর থেকে তিন দফায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সতর্ক সংকেত বাজতে শুরু করে এবং প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, তাদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র কয়েক মিনিটের মধ্যেই হাইফা বন্দরনগরে পৌঁছেছে।
এর আগে হোয়াইট হাউস থেকে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ইরানের হাতে এখন খুব অল্পসংখ্যক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা রয়েছে এবং তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
তিনি আরও জানান, ইরানের সঙ্গে যুদ্ধ আরও দুই থেকে তিন সপ্তাহ চলতে পারে, তবে সংঘাত শেষের দিকে এগোচ্ছে বলে তিনি মনে করেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর বিমান হামলা শুরু করার পর থেকেই অঞ্চলজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এসব হামলায় এখন পর্যন্ত এক হাজার তিনশর বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে দেশটির শীর্ষ নেতাও রয়েছেন।
এর পাল্টা জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে, যা ইসরায়েলের পাশাপাশি জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতেও আঘাত হেনেছে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে।
এই পাল্টাপাল্টি হামলায় হতাহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি বৈশ্বিক বাজার ও বিমান চলাচলেও নেতিবাচক প্রভাব পড়ছে।
















