বিয়ের প্রলোভন দেখিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে হাটহাজারী উপজেলার ১১ নম্বর ফতেপুর ইউনিয়নসংলগ্ন একটি ভাড়া বাসা থেকে মো. ইকরাম ওয়াহিদ তোহা নামের ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এই আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই ভুক্তভোগী ওই ছাত্রীর সঙ্গে অভিযুক্ত তোহার দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। এই সুবাদে গত ১৩ আগস্ট ও ১৩ সেপ্টেম্বর বিয়ের প্রলোভন দেখিয়ে তোহা তার ভাড়া বাসায় ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থী বিয়ের কথা বললে তোহা নানা টালবাহানা শুরু করেন এবং একপর্যায়ে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে আত্মগোপনে চলে যান।
এই ঘটনায় বাধ্য হয়ে গত কয়েক দিন আগে ভুক্তভোগী নারী শিক্ষার্থী নিজেই বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেফতার করে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করে।


























