২০৫০ সালে জাকার্তাকে টপকে বিশ্বের শীর্ষ জনবহুল নগরে পরিণত হবে ঢাকা।
জাতিসংঘের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, জাকার্তাকে ছাড়িয়ে আগামী ২৫ বছরে বিশ্বের শীর্ষ জনবহুল নগরে পরিণত হবে বাংলাদেশের রাজধানী ঢাকা—বিশেষজ্ঞরা সতর্ক করছেন বড় নগর সংকটের ঝুঁকি নিয়ে
জাতিসংঘের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রস্পেক্টস ২০২৫’ প্রতিবেদনে বলা হয়েছে, ২০৫০ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল নগর হবে ঢাকা। জনসংখ্যা ছাড়াতে পারে ৫ কোটি ২১ লাখ। বিশেষজ্ঞরা বলছেন, টেকসই নগর পরিকল্পনা ছাড়া এই চাপ সামাল দেওয়া অসম্ভব।
গত ২৫ বছরে নয় নম্বর থেকে দুই নম্বরে উঠে এসেছে ঢাকা। আর আগামী ২৫ বছর পর বিশ্বের সবচেয়ে জনবহুল নগরী হওয়ার পথে এগোচ্ছে বাংলাদেশের রাজধানী। এমন পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদন ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রস্পেক্টস ২০২৫’।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক দপ্তর প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল নগর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। তবে ২০৫০ সালে জাকার্তাকে টপকে বিশ্বের শীর্ষ জনবহুল নগরে পরিণত হবে ঢাকা। তখন রাজধানীর জনসংখ্যা দাঁড়াতে পারে প্রায় ৫ কোটি ২১ লাখে।
বর্তমানে ঢাকায় বসবাস করছেন প্রায় ৩ কোটি ৬৬ লাখ মানুষ। ২০০০ সালে যেখানে জনসংখ্যা ছিল ১ কোটি ৭৪ লাখ, সেখানে মাত্র ২৫ বছরে তা দ্বিগুণেরও বেশি বেড়েছে। এই সময়ে ঢাকায় গড় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার প্রায় ২ দশমিক ৯৬ শতাংশ।

বিশেষজ্ঞদের মতে, এই দ্রুত জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে নগরের অবকাঠামো, পরিবহন, আবাসন, পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় পরিকল্পিত উন্নয়ন হয়নি। ফলে ঢাকা ক্রমেই ভয়াবহ নাগরিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নগর উন্নয়ন বিশেষজ্ঞ উসওয়াতুন মাহেরা বলছেন, প্রতিবছর গড়ে প্রায় পাঁচ লাখ মানুষ নতুন করে ঢাকায় এসে যুক্ত হচ্ছেন। তাদের আবাসন, কর্মসংস্থান ও মৌলিক পরিষেবা নিশ্চিত করা দিন দিন কঠিন হয়ে পড়ছে। বাড়তি জনসংখ্যার কারণে বায়ু ও পানি দূষণ, যানজট, বর্জ্য ব্যবস্থাপনার বিপর্যয় ভয়াবহ আকার নিচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, গ্রামাঞ্চলে কাজের সুযোগ কমে যাওয়া, জলবায়ু পরিবর্তনের প্রভাব, কৃষিজমি হ্রাস এবং শিক্ষাস্বাস্থ্য সুবিধার টানে মানুষের ঢাকামুখী প্রবণতা বাড়ছে। তিনি মনে করেন, এই চাপ সামাল দিতে এখনই শক্তিশালী নতুন নগরনীতি প্রণয়ন জরুরি।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে জাকার্তা, ঢাকা ও টোকিও বিশ্বের তিনটি সবচেয়ে জনবহুল নগর। তবে টোকিওর জনসংখ্যা কমতির দিকে, অন্যদিকে ঢাকা ও জাকার্তা আরও ঘনবসতিপূর্ণ নগরে পরিণত হচ্ছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, যদি এখনই টেকসই নগর পরিকল্পনা, বিকেন্দ্রীকরণ, নতুন উপশহর গঠন এবং শিল্প-বাণিজ্যের বিকল্প কেন্দ্র তৈরি না করা হয়, তাহলে ঢাকা একটি ভয়াবহ পরিবেশগত ও নাগরিক সংকটে পতিত হবে।
















