বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিশোধিত জ্বালানি তেল আমদানির আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র জমা দেওয়ার সময়সীমা আবারও ১০ দিন নির্ধারণ করা হয়েছে।
আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বর সময়ের জন্য জ্বালানি তেল আমদানিতে দরপত্র জমার সময় ৪২ দিনের পরিবর্তে ১০ দিন করার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়।
এর আগে চলতি বছরের জুন-আগস্ট সময়ের জন্য জ্বালানি তেল আমদানির আন্তর্জাতিক দরপত্রের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ১০ দিন করা হয়েছিল। ওই সিদ্ধান্তের কার্যকারিতা গত জুন পর্যন্ত বহাল ছিল।
সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক বাজার পরিস্থিতিতে দীর্ঘ সময়ের দরপত্র প্রক্রিয়ার কারণে সরবরাহকারীরা ঝুঁকি বিবেচনায় বেশি দর দিতে পারেন। পাশাপাশি নির্দিষ্ট মূল্যে দরপত্র দিতে অনেক সরবরাহকারী আগ্রহ হারাতে পারেন। এতে প্রতিযোগিতামূলক দামে জ্বালানি তেল সংগ্রহে বাধা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং প্রতিযোগিতামূলক মূল্যে আমদানির সুযোগ বজায় রাখতে দরপত্র প্রস্তুত ও জমা দেওয়ার সময়সীমা কমানোর প্রস্তাব করা হয়। পরে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এতে সম্মতি দেয়।
















