নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী গোয়েন্দা তথ্যভিত্তিক এক যৌথ অভিযানে অপহৃত ৩০৮ জনকে উদ্ধার করেছে। প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুর কার্যালয় জানিয়েছে, নাইজার ও কোয়ারা অঙ্গরাজ্যে পৃথক হামলায় অপহৃত ব্যক্তিদের সফলভাবে মুক্ত করা হয়েছে।
সরকারি বিবৃতিতে বলা হয়, উদ্ধার হওয়াদের মধ্যে কোয়ারা অঙ্গরাজ্যের কাইয়ামা স্থানীয় সরকার এলাকার ওরো সম্প্রদায় থেকে অপহৃত ১৬৩ জন এবং নাইজার অঙ্গরাজ্য থেকে অপহৃত ১৪৫ জন রয়েছেন। তাদের নাইজার অঙ্গরাজ্যের নিউ বুসা এলাকার কাইঞ্জি লেক ন্যাশনাল পার্কের বনাঞ্চল থেকে উদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালনা করে দেশটির ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার। এতে সেনাবাহিনী, পুলিশ ও স্টেট সিকিউরিটি সার্ভিস যৌথভাবে অংশ নেয়। সরকার একে একই দিনে পরিচালিত নাইজেরিয়ার সবচেয়ে বড় উদ্ধার অভিযান বলে দাবি করেছে।
কোয়ারা অঙ্গরাজ্য সরকারও এ সফলতাকে স্বাগত জানিয়েছে। গত ৩ ফেব্রুয়ারি কাইয়ামা এলাকায় সশস্ত্র হামলায় শতাধিক মানুষ অপহৃত হয়েছিল। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই হামলায় অন্তত ২০০ জন নিহত হন।
নাইজেরিয়ায় মুক্তিপণের জন্য অপহরণ সাম্প্রতিক বছরগুলোতে বড় নিরাপত্তা সংকটে পরিণত হয়েছে। বিশেষ করে বোকো হারাম-সংশ্লিষ্ট জঙ্গি, সশস্ত্র দস্যু গোষ্ঠী এবং দুর্বল নিরাপত্তাব্যবস্থা থাকা গ্রামীণ এলাকায় স্কুল, গির্জা ও মসজিদকে লক্ষ্য করে অপহরণের ঘটনা বেড়েছে।
প্রেসিডেন্ট টিনুবু নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে বলেন, গোয়েন্দা তথ্যনির্ভর এই অভিযান দেশটির নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয় ও সক্ষমতার প্রমাণ।
















