বিতর্কিত ‘ট্যাংক ডে’ প্রচারণাকে ঘিরে মানহানির অভিযোগে স্টারবাকস কোরিয়ার সদর দপ্তরে অভিযান চালিয়েছে দক্ষিণ কোরিয়ার পুলিশ।
গত মে মাসে ১৯৮০ সালের গওয়াংজু গণঅভ্যুত্থানের বার্ষিকীতে ‘ট্যাংক ডে’ নামে একটি কফি টাম্বলার প্রচারণা চালু করে স্টারবাকস কোরিয়া। বহু মানুষ এটিকে গণতন্ত্রপন্থী আন্দোলন দমনে সেনাবাহিনীর ব্যবহৃত ট্যাংকের প্রতি ইঙ্গিত হিসেবে দেখেন। এর জেরে দেশজুড়ে স্টারবাকস বয়কটের ডাক ওঠে।
সমালোচনার মুখে প্রতিষ্ঠানটি দ্রুত প্রচারণা প্রত্যাহার করে জানায়, ঐতিহাসিক ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক স্থাপনের উদ্দেশ্য তাদের ছিল না। তবে বিভিন্ন নাগরিক সংগঠন সামরিক শাসনের শিকার ব্যক্তিদের অবমাননার অভিযোগে ফৌজদারি তদন্তের দাবি জানায়।
স্টারবাকস কোরিয়ার পরিচালনাকারী শিনসেগে গ্রুপ জানায়, অভ্যন্তরীণ তদন্তে দেখা গেছে প্রচারণাটি অনিচ্ছাকৃত ভুল ছিল। প্রচারণা পরিকল্পনাকারী দল কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তারা কেউই ঐতিহাসিক ঘটনার সঙ্গে এর সম্ভাব্য সংযোগ বুঝতে পারেননি।
বিতর্কের পর প্রতিষ্ঠানটি কর্মীদের জন্য ইতিহাসবিষয়ক প্রশিক্ষণের আয়োজন করে এবং স্টোরগুলো অর্ধদিবস বন্ধ রাখে। পাশাপাশি আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে জানায়, এ ঘটনার কারণে দক্ষিণ কোরিয়ায় তাদের বিক্রিতে উল্লেখযোগ্য প্রভাব পড়েছে। পরে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তাকেও পদচ্যুত করা হয়।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং এই প্রচারণার সমালোচনা করে বলেন, এটি গওয়াংজু আন্দোলনের শহীদ ও তাদের আত্মত্যাগকে অপমান করেছে। পরবর্তীতে বিষয়টি দেশটির রাজনৈতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
















